তানোরের কামারগাঁ খাদ্য গুদাম কর্মকর্তা সাময়িক বরখাস্ত, কৃষকদের মিষ্টি বিতরণ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি,রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ এলএসডির (স্থানীয় খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমানকে সরকারি ধান সংগ্রহে অনিয়ম, বরাদ্দ বাস্তবায়নে গাফিলতি এবং কৃষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরখাস্তের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কামারগাঁ খাদ্য গুদামের সামনে জড়ো হন স্থানীয় কৃষকরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে কামারগাঁ খাদ্য গুদামে সরকারি উদ্যোগে ৫৫০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে সরাসরি ধান কেনার নির্দেশনা থাকলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৩৫০ মেট্রিক টন সংগ্রহের পর অবশিষ্ট প্রায় ২০০ মেট্রিক টন ধান সংগ্রহ না করে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগ নিয়ে গত ১৮ জুলাই “দেশবার্তা বিডি ২৪. কম” সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। কৃষকদের অভিযোগ, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের পরিবর্তে কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে বাইরের নিম্নমানের ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া কৃষক কার্ড ব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য হয়েছে বলেও তারা দাবি করেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। স্থানীয়দের ভাষ্য, একাধিকবার তদন্ত হলেও শুরুতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসিএলএসডি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভীন বলেন, “সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বিভাগীয় প্রক্রিয়ায় রয়েছে।” Post navigation তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত