র‍্যাব-৫-এর পৃথক অভিযানে রাজশাহীতে ৫৬ হাজার ৯০০ শলাকা বিদেশি ও দেশীয় সিগারেট উদ্ধার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। উদ্ধার করা হয়েছে মোট ৪ হাজার ৬৯০ প্যাকেট বা ৫৬ হাজার ৯০০ শলাকা সিগারেট। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সদর কোম্পানির একটি বিশেষ দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত ৭টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া মোড়ে এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের সামনে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার প্যাকেট লাকি স্ট্রাইক (২০ হাজার শলাকা) এবং ২ হাজার ৭০০ প্যাকেট স্টার ব্র্যান্ডের সিগারেট (২৭ হাজার শলাকা) উদ্ধার করা হয়।

এরপর রাত ৯টা ২০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এসএ পরিবহনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে আরও ৯৯০ প্যাকেট স্টার ব্র্যান্ডের সিগারেট (৯ হাজার ৯০০ শলাকা) উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া সিগারেটগুলোর মালিকানা সম্পর্কে স্থানীয় লোকজনের কাছে জানতে চাওয়া হলেও কেউ কোনো তথ্য দিতে পারেনি। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব সিগারেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উদ্ধারকৃত সিগারেটগুলো জিডি মূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক, অস্ত্র, জঙ্গিবাদ, ভেজাল পণ্য ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *