তানোরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে ইউএনও নাঈমা খান 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুরো কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান নেতৃত্ব দেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শুধু মশক নিধন নয়, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করছে তানোর উপজেলা প্রশাসন। ইউএনও নাঈমা খানের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী আয়োজনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তানোর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এরপর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান নিজে উপস্থিত থেকে কর্মসূচির কার্যক্রম তদারকি করেন। একই সঙ্গে তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার এবং মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা হাট-বাজার এলাকায়ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মুন্ডুমালা পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া ইন্সট্রাক্টর ইউপিইটিসি লুৎফে জাহান বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, পল্লীবিদ্যুতের ডিজিএম রেজাউল করিম খান, সহকারী প্রোগ্রামার ইউআইটি আরসিই ও ব্যানবেইস মারুফ হাসান এবং এসএফডিএফের উপজেলা ব্যবস্থাপক রাজিব বর্মন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন, পৌর ছাত্রদলের সভাপতি রনজু, মুন্ডুমালা বিএনপির সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ী নেতারা পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ কর্মসূচি চলবে। তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউএনও নাঈমা খানের তত্ত্বাবধানে এ কর্মসূচিকে কার্যকর ও ধারাবাহিক করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, দুই পৌরসভা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্টরা যুক্ত হন। তানোরেও জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। Post navigation তানোরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমির বায়নানামায় প্রতারণার অভিযোগ