শফিকুল হক মিলনের উদ্বোধনে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ;

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে শিক্ষার্থীদের গাছের পরিচর্যার আহ্বান

👨‍💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’—‘একটি শিশু, একটি গাছ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শফিকুল হক মিলন শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছের প্রতি দায়িত্ববোধ তৈরি করা গেলে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচি শিক্ষার্থীদের সঙ্গে প্রকৃতির একটি নিবিড় সম্পর্ক তৈরি করবে। প্রত্যেক শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে একদিকে যেমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবুজ হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখ বলেন,

শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণকে আরও সবুজ ও সুন্দর করতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা প্রত্যেকে একটি করে গাছের দায়িত্ব নিলে এ উদ্যোগ আরও সফল হবে। পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য মো. শফিকুল হক মিলনের উপস্থিতিতে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া, গাছের চারপাশ পরিষ্কার রাখা এবং গবাদিপশুর হাত থেকে চারা রক্ষার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানের সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *