ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা দেশবার্তা বিডি২৪. কম, বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে আসন্ন ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ চলচ্চিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবিটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন তিনি। বিশেষ করে মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় নিয়ে একাংশের নেটিজেন প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কিয়ারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছবির গল্প প্রথম শোনার পরই চরিত্রটি তাকে আকৃষ্ট করে। একজন অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সুযোগই তিনি খুঁজে থাকেন। কিয়ারার ভাষায়, “গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি দারুণভাবে নির্মাণ করা হয়েছে। ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে এসেছি, যেখানে কঠিন চরিত্রে অভিনয়ের আত্মবিশ্বাস তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, নারী চরিত্রকে কোনো নির্দিষ্ট ছকে সীমাবদ্ধ করে দেখার পক্ষে নন। তার মতে, বাস্তব জীবনের মতো পর্দায়ও নারীদের শক্তিশালী, স্বাধীন ও বহুমাত্রিকভাবে উপস্থাপন করা উচিত। যদিও ছবিতে কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি, তবে জানা গেছে তিনি ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহনদাস। পরিচালনাও করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘টক্সিক’ মূলত ইংরেজি ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। Post navigation সহঅভিনেত্রীকে অনাকাঙ্ক্ষিত চুম্বন, রাম কাপুরের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্ত্রী বিশ্বের শীর্ষ ৫০ জনপ্রিয় তারকার তালিকায় একমাত্র ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া