সহঅভিনেত্রীকে অনাকাঙ্ক্ষিত চুম্বন, রাম কাপুরের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্ত্রী দেশবার্তা বিডি ২৪. কম, বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’–এর দ্বিতীয় মৌসুমে অভিনেতা রাম কাপুরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এসেছে। অনুষ্ঠানের বিশেষ ‘ফ্যামিলি উইক’ পর্বে অংশ নিয়ে তাঁর স্ত্রী ও অভিনেত্রী গৌতমী কাপুর সহপ্রতিযোগী শ্রেয়া কালরার কাছে স্বামীর আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান। গত কয়েক সপ্তাহ ধরে শোতে রাম কাপুরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শ্রেয়া কালরার অভিযোগ, বিভিন্ন টাস্ক শেষে রাম কাপুর একাধিকবার তাঁর ব্যক্তিগত পরিসীমা লঙ্ঘন করে অনাকাঙ্ক্ষিতভাবে গালে চুম্বন করেন, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। একটি পর্বে শ্রেয়া কালরা ও সহপ্রতিযোগী শিল্পা শিন্দে রাম কাপুরকে সীমারেখা বজায় রাখার আহ্বান জানান। শ্রেয়া বলেন, তাঁর বাবা পর্যন্ত তাঁকে এতবার চুম্বন করেন না এবং তিনি আর এমন আচরণ চান না। এরপর বিষয়টি দর্শকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিতর্কের শুরুতে গৌতমী কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে স্বামীর পক্ষ নিয়েছিলেন। তবে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত বিশেষ পর্বে তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়। শ্রেয়ার প্রেমিক ঋষভ জয়সওয়ালের সঙ্গে শোতে প্রবেশ করে গৌতমী সরাসরি শ্রেয়ার কাছে গিয়ে দুই হাত জোড় করে বলেন, “আপনার যদি কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তাহলে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি।” শুধু শ্রেয়া নন, অনুষ্ঠানের অন্য কোনো নারী প্রতিযোগীও যদি রাম কাপুরের আচরণে অস্বস্তি বোধ করে থাকেন, তাঁদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন গৌতমী। একই সঙ্গে তিনি বলেন, “আমি ওর পক্ষ নিয়ে সাফাই গাইছি না, তবে ওর স্বভাবটাই এমন।” গৌতমীর ক্ষমা প্রার্থনা ইতিবাচকভাবে গ্রহণ করেন শ্রেয়া কালরা। তিনি জানান, বিষয়টি নিয়ে তাঁর মনে আর কোনো ক্ষোভ নেই। রাম কাপুরকে ঘিরে বিতর্ক এখনো দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গৌতমীর প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। এখন শোয়ের পরবর্তী পর্বে এ ঘটনার কী প্রভাব পড়ে, সেদিকেই নজর দর্শকদের। সূত্র: পিংকভিলা Post navigation পরীমণির বিস্ফোরক অভিযোগ: ‘২০২১ সালের গ্রেপ্তার ছিল বেআইনি ও সাজানো’ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা