ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, ‘জুলাইযোদ্ধা’ বলে হেনস্তা সংগৃহীত ছবি কূটনৈতিক রিপোর্টার : ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন। বাঁধনের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের পরিবারের সঙ্গে ইতালির একটি স্থানীয় পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয় বলে জানান তিনি। অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং ওই ঘটনার ভিডিও ধারণ করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন। ভিডিওবার্তায় বাঁধন বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ঘটনাটি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেন বাঁধন। তিনি জানান, সজীব ওয়াজেদ জয়ও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে বাঁধনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ভিডিওতে কয়েকজন নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে উল্লেখ করতে শোনা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী বাঁধন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন। ওই সময়ের ভূমিকার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। তার অভিযোগের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। Post navigation বয়স নয়, চরিত্র ও আচরণেই মানুষের মূল্যায়ন হওয়া উচিত: তনুশ্রী সৌদিতে হুথিদের হামলা নিয়ে ইরান-পাকিস্তানের আলোচনা