মিথিলার ফ্যাশনে ব্যক্তিত্ব ও আকর্ষণের মেলবন্ধন বিনোদন প্রতিবেদক : অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া রাফিয়াত রশিদ মিথিলা শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেত্রী। পেশাগত জীবনে এবার আরও একটি নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন কর্মজীবনের খবর প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নানা ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। তবে এসব আলোচনা ছাপিয়ে নিজের কাজ ও সৃজনশীলতার জগতে এগিয়ে চলেছেন মিথিলা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। দেশীয় পোশাক, বিশেষ করে শাড়ির প্রতি তাঁর আলাদা টান রয়েছে। কখনো সাদামাটা তাঁতের শাড়ি, কখনো জামদানি, আবার কখনো কিছুটা জমকালো সাজ—বিভিন্ন লুকে মিথিলার ব্যক্তিত্ব ফুটে ওঠে স্বাভাবিকভাবেই। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা সাজ, টিপ ও দেশি-বিদেশি নকশার গয়নায় তাঁকে দেখা যায় ভিন্ন ভিন্ন আয়োজনে। জামদানিতে মিথিলার মুগ্ধতা সাদাকালো জামদানি, কালো স্লিভলেস ব্লাউজ ও অক্সিডাইজড গয়নায় মিথিলার একটি লুক নজর কেড়েছে। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন দেখা যায় এই সাজে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাঁকে দেখা গেছে টেম্পলপাড়ের সাদা তাঁতের শাড়ি, স্লিভলেস ব্লাউজ ও হালকা গয়নায়। সরল অথচ মার্জিত এই সাজ তাঁর ব্যক্তিত্বের সঙ্গে বেশ মানানসই। খয়েরি রঙের শাড়ির সঙ্গে ছোট চেকের সাদা-কালো ব্লাউজ, অক্সিডাইজড গয়না ও ছোট টিপেও ভিন্ন রূপে দেখা গেছে তাঁকে। চরিত্রের প্রয়োজনে ভিন্ন সাজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নাটকে শায়লা চরিত্রে অভিনয়ের সময়ও মিথিলার পোশাকে ছিল আলাদা বৈশিষ্ট্য। ইক্কত প্রিন্টের ব্লাউজের সঙ্গে একরঙা লেস বর্ডারের শাড়িতে চরিত্রটির সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছিলেন তিনি। চিকন ধূসর পাড়ের সাদা তাঁতের শাড়ি ও ম্যাচিং ব্লাউজের সঙ্গে অ্যান্টিক ফিনিশের লম্বা দুল এবং নেকপিসেও তাঁকে দেখা গেছে। আবার মাস্টার্ড রঙের তাঁতের শাড়ি ও খোলা চুলে তাঁর সাজে ফুটে উঠেছে স্বাভাবিক সৌন্দর্য। প্যাস্টেল গোলাপি জামদানির সঙ্গে সাদা বোটনেক ব্লাউজ এবং হাতে জামদানি ক্লাচ—এই লুকেও নজর কেড়েছেন মিথিলা। নীল তাঁতের শাড়িতে জামদানি বুননের নকশা, সফট কার্লস এবং ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। জমকালো সাজেও স্বতন্ত্র মিথিলা কিছুটা গর্জিয়াস লুকেও মিথিলার সাজে ছিল পরিমিতির ছাপ। সোনালি পাড় ও আঁচলের পিচরঙা শাড়ির সঙ্গে হাতে ও কানে গোল্ডেন গয়নায় তাঁকে দেখা গেছে আকর্ষণীয় রূপে। ফুলেল নকশার আরেকটি পিচরঙা শাড়ির সঙ্গে সিলভার জড়োয়া সেটেও তাঁর সাজ ছিল চোখে পড়ার মতো। জমকালো কারুকাজের মভ শাড়ির সঙ্গে মেরুন বোটনেক স্লিভলেস ব্লাউজেও দেখা গেছে ভিন্ন মিথিলাকে। আর মেয়ের সঙ্গে তোলা একটি ছবিতে হলুদ, সাদা ও ম্যাজেন্টা কাজ করা সিনামন রঙের জামদানিতে দেখা গেছে তাঁকে। দেশীয় ঐতিহ্যের এই পোশাকেও মিথিলার স্বাভাবিক ও স্নিগ্ধ সৌন্দর্য ফুটে উঠেছে। অভিনয়, গবেষণা ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি ফ্যাশনেও নিজের আলাদা রুচি ধরে রেখেছেন মিথিলা। দেশীয় শাড়ি ও সাদামাটা সাজের প্রতি তাঁর আগ্রহই যেন তাঁর ফ্যাশন ভাবনার সবচেয়ে বড় পরিচয়। আর তাই মিথিলার ফ্যাশন মানেই ব্যক্তিত্ব, রুচি ও আকর্ষণের এক স্বতন্ত্র মেলবন্ধন। Post navigation ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, ‘জুলাইযোদ্ধা’ বলে হেনস্তা সালমান-শাবনূরের ১০ গান আজও জাগায় নব্বইয়ের প্রেম