সালমান-শাবনূরের ১০ গান আজও জাগায় নব্বইয়ের প্রেম বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার ইতিহাসে কিছু জুটি শুধু চলচ্চিত্রের পর্দায় জনপ্রিয়তা পায়নি, বরং একটি প্রজন্মের আবেগ ও ভালোবাসার অংশ হয়ে উঠেছে। সালমান শাহ ও শাবনূর তেমনই এক স্মরণীয় জুটি। নব্বইয়ের দশকে তাঁদের পর্দার রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি তাঁদের অভিনীত সিনেমার গানও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। ১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু সালমান শাহ ও শাবনূরের। এরপর ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁদের জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। তাঁদের অভিনীত চলচ্চিত্রের গল্পের পাশাপাশি গানগুলোও তৈরি করেছিল আলাদা আবহ। নব্বইয়ের দশকের প্রেম, বিরহ, অপেক্ষা ও আবেগ যেন ধরা পড়েছিল এসব গানে। এখন সময় বদলেছে, গান শোনার মাধ্যমও বদলেছে; কিন্তু সালমান-শাবনূরের সেই গানগুলো এখনো অনেকের স্মৃতিতে জীবন্ত। ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’ বাদল খন্দকার পরিচালিত ১৯৯৬ সালের ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’। সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। সালমান-শাবনূরের পর্দার উপস্থিতি গানটিকে দিয়েছিল বাড়তি আবেগ। ‘ভালো আছি ভালো থেকো’ মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমার এই গানটি আজও শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। সালমান শাহ ও শাবনূরের অভিনয় গানটির আবেগকে আরও গভীর করে তুলেছিল। ‘আমার নাকেরই ফুল বলে রে’ ‘তোমাকে চাই’ সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘আমার নাকেরই ফুল বলে রে’। এন্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠের এই গানের কথা ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রাণবন্ত সুর ও সালমান-শাবনূরের অভিনয় গানটিকে দর্শকের কাছে আলাদা করে তুলেছিল। ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’ দিলীপ সোম পরিচালিত ‘মহামিলন’ সিনেমার গান ‘আমি যে তোমার প্রেমে পড়েছি’ নব্বইয়ের দশকের প্রেমের গানের তালিকায় উল্লেখযোগ্য। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের। ‘দেখা না হলে একদিন’ জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমার এই গানটি সালমান-শাবনূর জুটির শুরুর দিকের স্মরণীয় গানগুলোর একটি। কনকচাঁপা ও আগুনের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর করেছেন আবু তাহের। ‘এই দিন সেই দিন’ ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘এই দিন সেই দিন’ গানটিও নব্বইয়ের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল। সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সংগীত পরিচালনায় ছিলেন আলম খান। ‘তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর’ ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর’। সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলমের কণ্ঠে গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন আলাউদ্দিন আলী। সালমান-শাবনূরের পর্দার রসায়ন গানটিকে করে তুলেছিল আরও আবেগঘন। ‘সাথী তুমি আমার জীবনে’ এম এম সরকার পরিচালিত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমার এই গানটি সালমান-শাবনূর জুটির অন্যতম স্মরণীয় গান। খালিদ হাসান মিলু ও কনকচাঁপার কণ্ঠে গাওয়া গানটির কথা ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ সিনেমার এই গানেও উঠে এসেছে ভালোবাসা ও আবেগের গল্প। সাবিনা ইয়াসমিন ও আগুনের কণ্ঠে গানটির কথা লিখেছেন জাকির হোসেন রাজু এবং সুর করেছেন আবু তাহের। ‘ও সাথীরে যেও না কখনো দূরে’ ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘ও সাথীরে যেও না কখনো দূরে’। সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলম খান। গানেই বেঁচে আছে এক প্রজন্মের স্মৃতি সালমান শাহ ও শাবনূরের সিনেমার গানগুলো তাই শুধু চলচ্চিত্রের গান হিসেবে সীমাবদ্ধ নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে নব্বইয়ের দশকের একটি প্রজন্মের প্রেম, আবেগ, কৈশোর ও তারুণ্যের অসংখ্য স্মৃতি। সালমান শাহ আজ নেই। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালমৃত্যু তাঁকে থামিয়ে দিলেও তাঁর অভিনয়, স্টাইল এবং সিনেমার গান এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া এই নায়ক অল্প সময়ের ক্যারিয়ারেই বাংলা চলচ্চিত্রে তৈরি করেছিলেন নিজস্ব এক অধ্যায়। প্রযুক্তির বদলের সঙ্গে গান শোনার মাধ্যম পাল্টেছে, নতুন প্রজন্মের কাছে এসেছে নতুন শিল্পী ও নতুন গান। তবু কোথাও বৃষ্টি নামলে, পুরোনো দিনের কথা মনে পড়লে কিংবা হারানো প্রেমের স্মৃতি ফিরে এলে অনেকের প্লেলিস্টে এখনো বাজে সালমান-শাবনূরের সেই গানগুলো। সেই কারণেই সালমান-শাবনূরের গান কেবল একটি সময়ের স্মৃতি নয়—এগুলো আজও নব্বইয়ের প্রেম, আবেগ ও নস্টালজিয়ার অনন্ত সুর। Post navigation মিথিলার ফ্যাশনে ব্যক্তিত্ব ও আকর্ষণের মেলবন্ধন