চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজন আটক মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও এর চাবি উদ্ধার করা হয়। মাদকের ভয়াল বিস্তার রোধ এবং যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান। তাঁর সঙ্গে ডিবির অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানকালে চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. আশরাফুল ওরফে শুকুদ্দির ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার ১৫ বছর বয়সী একজন কিশোরকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত লাল রঙের Hero ব্র্যান্ডের HF-Deluxe মোটরসাইকেল এবং একটি চাবি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কিশোরটির ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সীমান্তবর্তী এ জেলায় মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সহযোগিতাও প্রত্যাশা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ। Post navigation নকল কীটনাশক তৈরি ও সারের অনিয়ম: চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার