নকল কীটনাশক তৈরি ও সারের অনিয়ম: চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

 👨‍🏫মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে নকল কীটনাশক তৈরি ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালিয়ে মো. সদের আলী (৩৮) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

অভিযানকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে অনুমোদনহীনভাবে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় সদের আলীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।

এ ছাড়া দোকানসংলগ্ন একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও তিন বস্তা টিএসপি সার জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সঙ্গে রেজিস্টারে উল্লেখিত মজুদের ব্যাপক অসঙ্গতি পাওয়া যায়। একই সঙ্গে পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টারও দেখাতে ব্যর্থ হন ব্যবসায়ী।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে বিলিবন্দেজের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ককে নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জব্দকৃত রাসায়নিক পদার্থগুলো ওই কমিটির তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

 

অন্যদিকে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিক বা তার উপযুক্ত প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *