👉www.deshbartabd.24.com  ভিজিট করুন।

 

 

 

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

 

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

 

মাদকদ্রব্য সেবনের দায়ে যুবককে এক বছরের সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। ছবি- dbbd24. com

অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ জুন ২০২৬) বাঘা থানা পুলিশের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত এ মাদকবিরোধী মোবাইল কোর্টে মোঃ মিঠু (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মিঠু দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের প্রভাবে তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন এবং প্রতিবেশীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করতেন। এছাড়া তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বাঘা উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “মাদকের কারণে পরিবার ও সমাজে যে অস্থিরতা সৃষ্টি হয়, তা রোধে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত এ অভিযান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *