মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ধার দেওয়া সাড়ে সাত লাখ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ মাজহারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি।

থানা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম মধুপুর থানায় জিডিটি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকার মোছাঃ মলিদা বেগম (৪৫) তাঁর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত না দিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরাতে থাকেন মলিদা। একপর্যায়ে তিনি মলিদা বেগমের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭৭২/২৬ এবং তারিখ ৮ জুলাই ২০২৬।

জিডিতে মাজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, মামলার নোটিশ পাওয়ার পর মলিদা বেগমের স্বামী মোঃ আরিফুল ইসলাম (৫০) বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পালবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে মাজহারুল ইসলামকে একা পেয়ে আরিফুল ইসলাম, মলিদা বেগম ও মোঃ মাহবুব আলম (৪০) মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেন। তিনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন মাজহারুল ইসলাম।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *