www.deshbartabd.24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় একটি কৃষি উপকরণ বিক্রয় কেন্দ্র থেকে প্রায় ১২ হাজার টাকার কিটনাশক চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করার পর স্থানীয় সালিশে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চোরের দায়ে আটক ব্যক্তি রুবেল হোসেন। ছবি dbbd24. com বুধবার (তারিখ) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের বিল্লী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আটক ব্যক্তি রুবেল হোসেন (৪৫), তিনি কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লী বাজারের মারিয়া ট্রেডার্সের মালিক ও বিল্লী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাহাবুব আলম দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন সময় কৃষি উপকরণ ও কিটনাশক চুরি হওয়ার অভিযোগে উদ্বিগ্ন ছিলেন। গত ছয় মাসে দোকান থেকে কয়েক লাখ টাকার পণ্য চুরি হয়েছে বলে তার দাবি। চুরির ঘটনার রহস্য উদঘাটনে তিনি কৌশল অবলম্বন করেন। ঘটনার দিন দোকানের আশপাশে কয়েকজনকে সতর্ক অবস্থানে রেখে তিনি পরিচিত রুবেল হোসেনকে দোকানে বসিয়ে বাজারে যাওয়ার কথা বলে সরে যান। অভিযোগ রয়েছে, এ সময় রুবেল একটি ব্যাগে প্রায় ১২ হাজার টাকা মূল্যের এক কার্টন কিটনাশক রেখে তার ওপর আম ও সবজি দিয়ে ঢেকে ফেলেন। কিছুক্ষণ পর মাহাবুব আলম দোকানে ফিরে এলে রুবেল দোকান থেকে বের হয়ে মোটরসাইকেলে ব্যাগটি ঝুলিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় আগে থেকেই নজরদারিতে থাকা কয়েকজন ব্যক্তি তার ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি আপত্তি জানান। পরে ব্যাগ তল্লাশি করে একটি কার্টন কিটনাশক উদ্ধার করা হয় বলে স্থানীয়রা দাবি করেন। ঘটনার পর উত্তেজিত জনতা রুবেল হোসেনকে আটক করে রাখে। পরে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুবেলকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। একই সঙ্গে তার কাছ থেকে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠেছে। সালিশের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” Post navigation মুন্ডুমালার মেয়র প্রার্থী তোহিদুর ইসলাম রেজা ও কমিশনার প্রার্থী দুরুল হোদার উদ্যোগে ঝলঝলিয়া গ্রামে শতাধিক চারা বিতরণ ইউএনও শাম্মী আক্তারের নেতৃত্বে বাঘায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের এক বছরের কারাদণ্ড