গৃহভিত্তিক শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক রাজশাহী : আন্তর্জাতিক গৃহভিত্তিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে শ্রম অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং শোভন কাজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) হাড়ুপুর মোড়ে আয়োজিত এ মানববন্ধনে গৃহভিত্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আইএলও (ILO) কনভেনশন-১৭৭ অনুমোদনের দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী গৃহভিত্তিক কর্মীরা বলেন, দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গৃহভিত্তিক শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয় না। ফলে তাঁরা নানা ধরনের আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে কাজ করতে বাধ্য হন। বক্তারা গৃহভিত্তিক শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৭৭ অনুমোদনের মাধ্যমে গৃহভিত্তিক শ্রমিকদের কাজের স্বীকৃতি, ন্যায্য পারিশ্রমিক, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি তোলেন। তাঁরা বলেন, গৃহভিত্তিক শ্রমিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। মানববন্ধনে আন্দোলনের নেতৃত্ব দেন বুলবুলি বেগম ও তাঁর সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন এলআইইএস (LIES)-এর অর্গানাইজার হাসিনুর রহমান, মেহেরুন নেসা প্রমুখ। মানববন্ধন থেকে গৃহভিত্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং শোভন কাজের পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। Post navigation তানোরে ইউএনও নাঈমা খানের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ১৫০ পিস শাড়ি বিতরণ শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন