অপরাধ দমন ও জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ ডিআইজি আশিক সাঈদের মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা, রিজার্ভ অফিস ও জেলা ডিএসবি কার্যালয়ের বার্ষিক পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ কল্যাণ সভায় ডিআইজি আশিক সাঈদ পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সদস্যদের উদ্দেশে ডিআইজি বলেন, দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এরপর ডিআইজি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের রেশন সামগ্রী ও বিভাগীয় ভান্ডারের ব্যবস্থাপনাও পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ অফিসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে ডিআইজি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। দিনের শেষ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অপরাধ দমন ও প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। Post navigation চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১