র‍্যাব-৫, ও র‍্যাব-১, এর যৌথ অভিযানে মোহনপুরের আব্দুর রাজ্জাক হত্যা মামলায় গাজীপুর থেকে দুই আসামি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর মোহনপুরে চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় ৩ ও ৬ নম্বর আসামিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের মো. ইসরাইল হোসেনের ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬) এবং একই গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে মো. মোরসালিন (২২)।

র‍্যাব-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা মাঠসংলগ্ন কামারপাড়া সড়কের মুন্নু গেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মামলার ৬ নম্বর আসামি মো. ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এরপর একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন টিআইসি গেট, মোমেনশাহী রোডের মেসার্স ফিউচার কাটিং অ্যান্ড ব্যান্ডিং দোকানের সামনে পৃথক অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি মো. মোরসালিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় দায়ের করা মামলা নম্বর-২০, তারিখ ৮ জুন ২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৪১, ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

র‍্যাবের দাবি, মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার এড়াতে ইব্রাহিম ও মোরসালিন গাজীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

পরে গ্রেপ্তার দুজনকে জিডিমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *