তানোরে মাদক-সাইবার অপরাধ ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক রাজশাহী : রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় তানোর থানা কম্পাউন্ডে এ সভার আয়োজন করে তানোর থানা পুলিশ। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। তানোর থানায় পৌঁছালে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। কমিউনিটি পুলিশিং সভায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। অপরাধ প্রতিরোধে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। সমাজের কোথাও মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ কিংবা উগ্রবাদের কোনো কর্মকাণ্ড বা তৎপরতার তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তত বেশি কার্যকর হবে। এ সময় তিনি অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া তানোর থানার আওতাধীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে তানোর থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের কর্মকর্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে। Post navigation তানোরে ৬০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন বিতরণ, শহীদদের স্মরণে দোয়া মাহফিল র্যাব-৫, ও র্যাব-১, এর যৌথ অভিযানে মোহনপুরের আব্দুর রাজ্জাক হত্যা মামলায় গাজীপুর থেকে দুই আসামি গ্রেপ্তার