রাজশাহীতে সাইবার অপরাধ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন এবং ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা সাইবার অপরাধ মামলায় তদন্তে প্রাপ্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫ জানায়, শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশ চৌধুরী (৪৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার মালোপাড়া এলাকার বাসিন্দা এবং রাণীবাজারে ভাড়া থাকতেন। র্যাব সূত্রে জানা যায়, গত ২ জুলাই ঢাকার গুলশান থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট প্রচার করা হয়। পরে সেগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়। র্যাব জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। Post navigation রাজশাহীতে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে যৌথ অভিযানে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার