রাজশাহীতে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের হওয়া আলোচিত এক ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই রাত ৭টা ৪০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরের বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই এক নারী গাজীপুর থেকে রাজশাহীতে স্বামীর বাড়িতে ফেরার পথে অটোরিকশায় যাত্রা করেন। অভিযোগ অনুযায়ী, অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর চালক নির্ধারিত গন্তব্যে না নিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর র‍্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *