রাজশাহীতে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই শেষ 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহী জেলায় ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের তিন দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট-পিইটি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগের ধাপগুলোতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এদিন পুরুষ ও নারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পুশ-আপ, সিট-আপ, টায়ার ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নিতে হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নিয়োগ বোর্ড প্রতিটি প্রার্থীর শারীরিক সক্ষমতা ও সময় অত্যন্ত সতর্কতা, নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন করেন। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রমের সমাপ্তি ঘটে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের আর্থিক লেনদেন, সুপারিশ বা অবৈধ তদবিরের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়ার সুযোগ নেই। এছাড়া সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ও মাদকাসক্ত ব্যক্তিদের এই নিয়োগে অযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমাপনী দিনের কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তিন দিনব্যাপী নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী এবং দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করায় প্রার্থীদেরও অভিনন্দন জানান তিনি। তিনি জানান, পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। Post navigation পুঠিয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পৌর প্রশাসক শিবু দাস যে শিক্ষক আলোকিত করেছিলেন একটি গ্রাম, শেষ জীবনে তিনিই অন্ধকারের বাসিন্দা