পুঠিয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পৌর প্রশাসক শিবু দাস 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ৩০ শে জুন ২০২৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক শিবু দাস। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিবু দাস বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের বিশুদ্ধ অক্সিজেন, খাদ্য ও ঔষধের অন্যতম প্রধান উৎস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ রোপণের পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সরকারের এ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।” পৌরসভা সূত্রে জানা গেছে, সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাস বলেন, সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে পুঠিয়া পৌরসভা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এগুলো পরিবেশ ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি এ কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেওয়ার আহ্বান জানান। Post navigation তানোরে পাঁচন্দর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলমগীরের মতবিনিময় সভা রাজশাহীতে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই শেষ