পুঠিয়ায় শিবু দাসের উদ্যোগে দুই ডিপ টিউবওয়েল স্থাপন; যাত্রী ছাউনিতে বিদ্যুৎ, ফ্যান, লাইট ও চার্জিং পোর্ট—স্বস্তি স্থানীয়দের মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় জনসাধারণের পানির সংকট ও যাত্রীদের ভোগান্তি কমাতে দুইটি নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। একই সঙ্গে পুঠিয়া যাত্রী ছাউনিতে বিদ্যুৎ সংযোগ, ফ্যান, লাইট ও মোবাইল ফোন চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট স্থাপন করা হয়েছে। জনসেবামূলক এসব উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় জনসাধারণের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়। জানা গেছে, পুঠিয়া যাত্রী ছাউনির পাশে নতুন একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাত্রী ছাউনিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফ্যান, লাইট ও মোবাইল ফোন চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের অপেক্ষার সময় ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, পুঠিয়ার ইক্ষু সেন্টারের সামনে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা একটি টিউবওয়েল অপসারণ করে সেখানে নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকার পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন কাজে আসা মানুষ সহজে পানি সংগ্রহের সুযোগ পাবেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নষ্ট টিউবওয়েলের কারণে পানির জন্য তাদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে সেই সমস্যার সমাধান হয়েছে। একই সঙ্গে যাত্রী ছাউনিতে বিদ্যুৎ, ফ্যান ও লাইটের ব্যবস্থা হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের মাঠপর্যায়ে সক্রিয়তা ও জনসাধারণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কারণে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি স্থানীয়দের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। Post navigation মতিহারে ১৯৪ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব দিলেন ডিআইজি আশিক সাঈদ; পাবনায় বিশেষ কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা