দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক রিপোর্ট :

নাটোর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, সাইবার অপরাধ দমন এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ লাইন্সের যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, ক্যান্টিন, পুলিশ হাসপাতাল, স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়।

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে শৃঙ্খলা, ড্রেস কোড মেনে চলা, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের সমস্যা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। সভায় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয় এবং সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভায় সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার এবং বিশেষ অবদানের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, আলোচিত মামলাগুলোর অগ্রগতি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানগুলোতে নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

👉আপডেট খবর পেতে “দেশবার্তা বিডি ২৪. কম” এর সাথেই থাকুন

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *