গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

 

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সারইল গ্রামসংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল হাসান রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ টিম সারইল এলাকায় অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের পেছনের সারির মাঝের সিটে বসা ইকবাল হাসানের কাছে থাকা একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়।

তল্লাশি শেষে প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইনের চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও মাদক চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *