মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে বহুল আলোচিত বাবুল প্রামানিক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

 

সোমবার (১৫ জুন) রাতে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পারহালসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন (৪৫)।

র‍্যাব-৫ সূত্র জানায়, গত ১৮ এপ্রিল বিকেলে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে বাবুল প্রামানিকের সঙ্গে প্রতিবেশী কামাল হোসেন ও তার স্বজনদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে পূর্ববিরোধের জেরে কামাল হোসেনসহ কয়েকজন বাবুল প্রামানিকের ওপর হামলা চালায়। হামলায় ইউক্যালিপটাস গাছের ডাল, লোহার হাতুড়ি, হাসুয়া ও কাঠের বাটাম ব্যবহার করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় কামাল হোসেনের ছেলে কাওসার হোসেনের আঘাতে বাবুল প্রামানিক গুরুতর আহত হন। পরে কামাল হোসেন লোহার হাতুড়ি দিয়ে তাকে আরও আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাবুলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মনসুর উদ্দিন প্রামানিক গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল হোসেনকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *