রাজশাহীতে পরিত্যক্ত বাড়িতে র‍্যাবের অভিযান: পিস্তলের দুই ম্যাগাজিন, গুলি, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলের দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি)। উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজীর মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটির বাথরুমসংলগ্ন বাঁশের মাচার নিচ থেকে দুইটি কালো রঙের পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুরা, দুটি হাসুয়া, একটি কান্তে, দুটি ছুরি এবং একটি মাছ ধরার কোচ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আলামতগুলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি। 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *