রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

👨‍💼 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় রাজশাহী নগরীর হোটেল স্টারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নগরীর জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন নগর কর্তৃপক্ষের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।

রাজশাহীকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে আধুনিক ও উন্নত নগরী হিসেবে বিশ্বদরবারে তুলে ধরতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন রাসিক প্রশাসক।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, আমার দেশ পত্রিকার ব্যুরোপ্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী।

বক্তারা সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনিসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *