নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান, ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ 👨💼 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানের সময় মহাদেবপুর উপজেলার ভবানীনগর গ্রামে মাতাজি থেকে ফতেহপুরগামী পাকা সড়কে মাদক কেনাবেচার উদ্দেশ্যে দুই ব্যক্তির অবস্থানের খবর পায় পুলিশ। পরে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। উপস্থিত লোকজনের সামনে তাঁদের পরিচয় নিশ্চিত করে দেহ তল্লাশি করা হয়। এ সময় আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলার কালনাকাটা পশ্চিমপাড়া গ্রামের গজির উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৩) এর কাছ থেকে গাঁজা সংগ্রহ করেছিলেন। ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেন (৫৫)-এর সহায়তায় সেগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশকে জানান তিনি। পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল মাতাজি হাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্যের উৎস, সরবরাহ ও কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান জননিরাপত্তা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। Post navigation শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান আহসান হাবিব নান্নুর রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত