সিরাজগঞ্জে জিপিএস ট্র্যাকার ধরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর দেশবার্তা বিডি২৪. কম ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ সদর থানার কাঠেরপুল এলাকা থেকে চুরি হওয়া একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জিপিএস ট্র্যাকার প্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। পরে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠেরপুল এলাকা থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। চুরি যাওয়া মোটরসাইকেলটিতে আগে থেকেই জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকায় মালিক সেটির অবস্থান শনাক্ত করতে থাকেন। একপর্যায়ে জিপিএসের মাধ্যমে দেখা যায়, মোটরসাইকেলটি কাজিপুর থানা এলাকায় প্রবেশ করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানানো হলে তিনি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এলাকায় টহল জোরদার করেন এবং মোটরসাইকেলটির অবস্থান শনাক্তে তৎপরতা শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে কাজিপুর থানাধীন খুদবান্দি নৌকাঘাট এলাকায় মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে। জিপিএস প্রযুক্তির সহায়তা ও পুলিশের দ্রুত তৎপরতায় চুরি যাওয়া মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যে উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে। Post navigation ভাঙ্গুড়ায় চরপাড়া স: প্রা: বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি আশিক সাঈদ বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যা শুনলেন, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা