সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি আশিক সাঈদ: বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যা শুনলেন, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা, পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টায় পুলিশ লাইন্স, সিরাজগঞ্জের রিজার্ভ অফিস পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ডিআইজি মো. আশিক সাঈদ। পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। অফিসের কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন ডিআইজি। উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ ও দিকনির্দেশনা দেন তিনি। ডিআইজি মো. আশিক সাঈদ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে আরও আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কল্যাণ সভায় বিশেষ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলা পুলিশের কয়েকজন সদস্যকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন ডিআইজি মো. আশিক সাঈদ। এরপর তিনি সিরাজগঞ্জ জেলা ডিএসবি (জেলা বিশেষ শাখা) অফিস বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা করে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দিনের শেষ পর্যায়ে সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবা আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় ডিআইজি মো. আশিক সাঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও তৎপর, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় ডিআইজির সরাসরি উপস্থিতি ও মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা-সুবিধা নিয়ে মতবিনিময়কে পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। Post navigation সিরাজগঞ্জে জিপিএস ট্র্যাকার ধরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর পরপর দুই মাসে স্বীকৃতি ; জুলাইয়ে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, আগস্টে জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজগঞ্জ থানার রাকিবুল হাসান