মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশবার্তা বিডি ২৪. কম ডেস্ক :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। এ ঘটনায় তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ওসি জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা ও মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রিধিকার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা। নিয়মিত কাজের বিভিন্ন আপডেট ও ছবি প্রকাশ করলেও গত ৩০ জুলাইয়ের পর তার ফেসবুক অ্যাকাউন্টে আর কোনো পোস্ট দেখা যায়নি।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধিকা পরবর্তী সময়ে নাটকে অভিনয়ে নিয়মিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *