ভারতের আন্দোলন অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ; জ্বালানি সরবরাহে এখনই সংকট দেখছে না সরকার, জানালেন শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ভারতে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারই নিজস্বভাবে এ পরিস্থিতি মোকাবিলা করবে। সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতই তা মোকাবিলা করবে। এদিকে জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানি মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার আশা করছে, এসব পরিকল্পনার কারণে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে তা শুধু বাংলাদেশের জন্য সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্বের অন্যান্য দেশও এর প্রভাবের মুখে পড়তে পারে। পরিস্থিতি তৈরি হলে তখন তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমরা সেই অসুবিধা দেখছি না।’ সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কৌশল ও পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অবস্থান নিয়ে আলোচনা হয়। Post navigation ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার