রাজশাহী জেলা পুলিশে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বদলিজনিত কারণে রাজশাহী জেলা পুলিশে কর্মরত দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসিফ ইনসান ও মো. সাইফুল্লাহকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁরা রাজশাহী জেলায় দায়িত্ব পালনকালে অর্জিত পেশাগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় শক্তি। তিনি বিদায়ী দুই কর্মকর্তার কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতারসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিদায়ী দুই কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে উপস্থিত কর্মকর্তারা শুভেচ্ছা জানান। Post navigation রাজশাহীতে আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখলেন কাউন্সিলর প্রার্থী নুসরাত আরা স্মৃতি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: রাজশাহীর বাঘায় দুই প্রতারক গ্রেপ্তার