রাজশাহীতে জ্বালানি তেল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জেলা প্রশাসনের

 

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জেলায় পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় ও মজুদ না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, রাজশাহীর পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করতে হবে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনে মজুদ করলে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার পাশাপাশি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।

জেলা প্রশাসন আরও জানায়, জ্বালানি তেলের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা অবৈধ মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সাধারণ জনগণকে গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *