মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

 

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

 

গত সোমবার ২০ জুলাই ২০২৬ রাজশাহীর মোহনপুর উপজেলা পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং কেশরহাট পৌরসভার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সরকারি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় উপজেলার ঝালপুকুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে নবনির্মিত বসতঘর পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের দুঃখ-দুর্দশা, চিকিৎসাসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সমস্যা সম্পর্কে সরাসরি তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

এরপর বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে নবনির্মিত বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ 

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।

 

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *