অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত ফাতেমা তুজ জোহরা চাঁদনী, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. তোহিদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে মো. তোহিদুল ইসলাম কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালের একজন চিকিৎসকের সনদ সংযুক্ত করে ১০ দিনের ছুটির আবেদন করলেও তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষ তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে। পাশাপাশি তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় সংশ্লিষ্ট থানার মাধ্যমে নোটিশ পাঠানো হলেও তিনি হাজির হননি। এমনকি তার বড় ভাই কর্তৃপক্ষকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া টানা ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একাধিক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দাখিল করেননি। পরবর্তীতে বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের জন্য পাঠানো হলে কমিশনও বরখাস্তের পক্ষে মতামত দেয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মো. তোহিদুল ইসলামকে ‘পলায়ন’-এর দায়ে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। Post navigation চাঁপাইনবাবগঞ্জে ১৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার তানোরে এলজিইডির সড়ক সংস্কারকাজ থমকে, ভোগান্তিতে জনজীবন!! নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির অজুহাত, ঠিকাদারদের গাফিলতির অভিযোগ