চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত সমন্বয়, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশের মতো শৃঙ্খলাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে কর্মস্পৃহা, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা সদস্যদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। ভবিষ্যতেও জেলা পুলিশের উদ্যোগে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সার্কেল ও থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্সের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্স, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। পরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার দল অংশগ্রহণ করছে। ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হবে। এ আয়োজনের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চা, শারীরিক ফিটনেস এবং পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। Post navigation অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জ পুলিশের সাফল্য ; শিবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার