চাঁপাইনবাবগঞ্জে ১৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৬ গ্রাম হেরোইনসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাগর কুমার আচার্য্যের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বুধবার (১৫ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার চক আলমপুর এলাকার মো. সাকিম বিশ্বাস (৪৬), শিবগঞ্জ উপজেলার রানীহাট বাজার এলাকার মো. রাসেল (৪৩) এবং রামচন্দ্রপুরহাট পাখানীপাড়া এলাকার মো. নজরুল ইসলাম (৩৬)। পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৬ গ্রাম বাদামী রঙের কথিত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। সদর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Post navigation মিথ্যা মামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত