পুঠিয়ায় পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি: ৩০ দিনের উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন, উদ্বোধন করলেন রাজশাহীর জেলা প্রশাসক মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : একসময় পরিত্যক্ত ও অবহেলিত একটি কক্ষ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেটি ছিল কার্যত অচল। তবে মাত্র ৩০ দিনের পরিকল্পিত উদ্যোগ, নিরলস পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় সেই কক্ষই এখন রূপ নিয়েছে একটি আধুনিক, নান্দনিক ও পাঠবান্ধব লাইব্রেরিতে। উদ্যোক্তার ভাষায়, এটি শুধু একটি লাইব্রেরি নয়; বরং জ্ঞানচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং নতুন প্রজন্মের স্বপ্ন গড়ে তোলার একটি উন্মুক্ত জ্ঞানকেন্দ্র। পুঠিয়ায় নবনির্মিত লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। উদ্যোক্তা জানান, কর্মজীবনের শুরু থেকেই তিনি একটি স্বপ্ন লালন করে আসছেন। ভবিষ্যতে দেশের যে উপজেলাতেই দায়িত্ব পালনের সুযোগ পান না কেন, সেখানে অন্তত একটি করে আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। তার বিশ্বাস, একটি সমৃদ্ধ লাইব্রেরি কেবল বই সংরক্ষণের স্থান নয়; এটি একটি সমাজের জ্ঞানচর্চা, সংস্কৃতি বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। তিনি আরও বলেন, লাইব্রেরির উদ্বোধনের মধ্য দিয়েই কাজ শেষ হয়ে যায়নি; বরং এটি একটি দীর্ঘমেয়াদি যাত্রার সূচনা। ভবিষ্যতে নতুন নতুন বই সংগ্রহ, আধুনিক পাঠসামগ্রী সংযোজন, আরামদায়ক পাঠপরিবেশ নিশ্চিতকরণ এবং পাঠাভ্যাস গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে লাইব্রেরিটিকে একটি প্রাণবন্ত ও সমৃদ্ধ জ্ঞানকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এই লাইব্রেরি ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। Post navigation তানোরে সাঁওতাল পল্লীর খাস পুকুর দখলের চেস্টা জেলা পর্যায়ে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে পাবনায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা