জেলা পর্যায়ে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে পাবনায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা

মমিনুল ইসলাম মন নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

নারী, শিশু, প্রতিবন্ধী, নির্যাতনের শিকার ব্যক্তি এবং আইনি সহায়তাপ্রত্যাশীদের দ্রুত ও সমন্বিত সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত জেলা পর্যায়ের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মনিরুজ্জামান এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ আজহারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন পাবনা বার এসোসিয়েশন এবং পাবনা ব্লাস্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট জনাব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি জনাব মোঃ হাফিজুর রহমান, জেলার আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও)-এর প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, আইনি সহায়তা, নারী ও শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে উঠলে সেবাপ্রত্যাশীরা দ্রুত যথাযথ প্রতিষ্ঠানে পৌঁছাতে পারবেন এবং সময়মতো প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তা লাভ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “সরকার জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার ও আইনি সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। একটি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে উঠলে সেবার মান যেমন বাড়বে, তেমনি ভুক্তভোগীদের হয়রানিও কমবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান বলেন, “একটি সমন্বিত নেটওয়ার্কই পারে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে। তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব।”

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ আজহারুল ইসলাম বলেন, “জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত যোগাযোগ ও রেফারেল ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এতে আইনি সহায়তাপ্রত্যাশীরা সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন এবং বিচারপ্রাপ্তির পথ আরও সুগম হবে।”

সভায় অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইনি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলা সম্ভব।

নেটওয়ার্কিং সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে একটি শক্তিশালী ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে নিয়মিত সমন্বয় সভা, তথ্য বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভার শেষে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করে একটি কার্যকর ও টেকসই রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *