গোদাগাড়ীতে এসিল্যান্ড শামসুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে তাদের সাজা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন। অপর ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। প্রশাসনের এ কঠোর অবস্থানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *