বিয়ের স্বপ্ন দেখিয়ে ৩ দিন বন্দি রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ; গোদাগাড়ীতে ৫ জনের বিরুদ্ধে মামলা

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাত্রাপুকুর গ্রামের এক তরুণীর সঙ্গে একই উপজেলার রামনগর গ্রামের আজিজ (২৮) নামে এক যুবকের দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৬ জুলাই সকালে তাকে দেখা করতে ডেকে নেয় আজিজ।

অভিযোগ অনুযায়ী, নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আজিজ ও তার সহযোগীরা জোরপূর্বক ওই তরুণীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে আজিজের বাড়িতে নিয়ে তিন দিন ও তিন রাত আটকে রাখা হয়। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, তিন দিন পর ভুক্তভোগী বিয়ের দাবি জানালে আজিজ তা প্রত্যাখ্যান করেন। এরপর অন্য আসামিদের সহযোগিতায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

মামলায় অভিযুক্ত করা হয়েছে রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আজিজ (২৮), নজরুল ইসলাম (৫০), সুলতানা বেগম (৪০), নূরী বেগম (৩০) এবং জামালের ছেলে পলাশ (৪০)-কে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এছাড়া পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *