যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলার অগ্রগতি পর্যবেক্ষণে পাবনায় ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠনের উদ্যোগ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: পাবনা, ৮ জুলাই ২০২৬: যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে চলমান মামলাগুলোর নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে কার্যকর ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) পাবনা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পাবনার বিচারক জনাব মো. নূরে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, পাবনার বিচারক জনাব আলমগীর কবির শিপন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), পাবনা জনাব মোঃ রেজিনুর ইসলাম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আমিনুর ইসলাম (মেডিকেল অফিসার)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জনাব মোঃ নাজমুল হোসেন শাহীন, এপিপি জনাব ফারজানা পারভীন, কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ সেলিম, পাবনা বার এসোসিয়েশন এবং ব্লাস্ট পাবনা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট জনাব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার এসোসিয়েশনের সম্পাদক ও ব্লাস্ট পাবনা ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট জনাব মলয় কুমার দাস রায়, ব্লাস্ট পাবনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট জনাব মোঃ আলমগীর হোসেন এবং আরএলআরসি (RLRC) কমিটির সদস্যবৃন্দ। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com সভায় বক্তারা বলেন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলাগুলোর কার্যক্রম নিয়মিত ট্র্যাকিং, ভুক্তভোগীবান্ধব বিচারপ্রক্রিয়া নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিচারপ্রাপ্তির পথ আরও সহজ ও কার্যকর করা সম্ভব। এজন্য একটি কার্যকর ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধান অতিথির বক্তব্যে বিচারক জনাব মো. নূরে আলম বলেন, “যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার মামলাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি হওয়া ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। এ ধরনের সমন্বিত প্ল্যাটফর্ম বিচারপ্রক্রিয়ার বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করবে।” বিচারক জনাব আলমগীর কবির শিপন বলেন, “মামলার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হলে বিচারপ্রক্রিয়ায় অযথা বিলম্ব কমবে এবং শিশু ও নারী ভুক্তভোগীদের স্বার্থ আরও ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।” অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোঃ রেজিনুর ইসলাম বলেন, “পুলিশ তদন্ত কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতে বিচার বিভাগ, প্রসিকিউশন, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্ম সেই সমন্বয়কে আরও শক্তিশালী করবে।” সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে নিয়মিত ট্র্যাকিংয়ের মাধ্যমে চলমান মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের উদ্যোগকে স্বাগত জানান। তারা এ ধরনের সমন্বিত প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও টেকসই করতে সকল অংশীজনের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন, ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করতে ‘মামলা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন একটি ইতিবাচক পদক্ষেপ এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয় আরও সহজ হবে। Post navigation র্যাব-৫ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজবাড়ীতে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত