পুঠিয়ায় ইউএনও লিয়াকত সালমানের অভিযানে ৩৩০ বস্তা সার জব্দ

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউএনও লিয়াকত সালমানের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কার্তিকপাড়া বাজারে একটি বালাইনাশক বিক্রেতার দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউন থেকে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী সাইদুল রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে।

জব্দ করা সার বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউএনও লিয়াকত সালমান ” দেশবার্তা বিডি ২৪. কম ” কে বলেন,

কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া হবে না। কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিয়মিত বাজার ও সার বিক্রয়কেন্দ্রগুলোতে নজরদারি করছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সার মজুত, বিক্রি ও বিতরণে অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *