ফিফা বিশ্বকাপ ২০২৬

দেশবার্তা বিডি ২৪. কম স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে আবারও ৭-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে জার্মানি।

কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দেশের তালিকায় শীর্ষে উঠে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে তারা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানি। দলের হয়ে জোড়া গোল করেন কাই হ্যাভার্টজ। এছাড়া গোল করেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, ন্যাথানিয়েল ব্রাউন এবং দেনিজ উনডাভ। কুরাসাওর একমাত্র গোলটি করেন লিভানো কোমেনেন্সিয়া।

এই ম্যাচে সাত গোল করার ফলে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯, যেখানে ব্রাজিলের গোল ২৩৮। ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দেশের আসন এখন জার্মানির দখলে।

৭-১ স্কোরলাইনটি ফুটবলপ্রেমীদের মনে আবারও ফিরিয়ে এনেছে ২০১৪ সালের সেই ঐতিহাসিক সেমিফাইনালের স্মৃতি, যেখানে জার্মানি একই ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও এবারের প্রতিপক্ষ ছিল বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও, তবুও ‘৭-১’ ফলাফলটি জার্মান ফুটবলের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

ম্যাচের শুরুতে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২১ মিনিটে কোমেনেন্সিয়ার গোলে সমতায় ফেরে কুরাসাও। সেটিই ছিল বিশ্বকাপ ইতিহাসে কুরাসাওর প্রথম গোল। এরপর নিকো শ্লটারবেক ও কাই হ্যাভার্টজের গোল জার্মানিকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান বাড়ান। পরে ন্যাথানিয়েল ব্রাউন, দেনিজ উনডাভ এবং হ্যাভার্টজের দ্বিতীয় গোলে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে ইউলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানির জন্য এই জয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ হিসেবে দেখা হচ্ছে। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি আক্রমণভাগে দারুণ ছন্দও দেখিয়েছে।

তবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি জার্মানির কাছে বেশিদিন নাও থাকতে পারে। কারণ ব্রাজিলের সামনে এখনও গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। সেখানে বড় ব্যবধানে জয় পেলে আবারও শীর্ষস্থান পুনর্দখল করতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ইতিহাসে শিরোপার দিক থেকে এখনো এগিয়ে ব্রাজিল। তাদের ট্রফি পাঁচটি, আর জার্মানির চারটি। তবে গোলের হিসাবে দুই পরাশক্তির এই লড়াই ফুটবল বিশ্বে নতুন মাত্রা যোগ করেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *