৭ হাজার মুক্তার গাউনে কান মাতালেন ঐশ্বরিয়া দেশবার্তা বিডি২৪. কম, বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব শেষ হলেও সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে ফ্যাশনপ্রেমীদের আগ্রহ যেন কমছেই না। ২০২৬ সালের কান উৎসবে তার একের পর এক আকর্ষণীয় উপস্থিতির পর এবার প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক ফ্যাশন হাউস টনি ওয়ার্ড কুতুর-এর ডিজাইন করা তার একটি বিশেষ গাউনের ছবি, যা ইতোমধ্যেই বিশ্ব ফ্যাশন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আইভরি-সাদা রঙের স্ট্র্যাপলেস এই গাউনটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর গায়ে হাতে বসানো সাত হাজারেরও বেশি মুক্তা। ত্রিমাত্রিক নকশায় তৈরি পোশাকটিতে সমুদ্রের ঢেউয়ের গতিময়তা ফুটিয়ে তোলা হয়েছে, যা ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতিকে আরও অনন্য করে তুলেছে। ফ্যাশন হাউসটির তথ্য অনুযায়ী, গাউনটি তৈরি করতে প্রায় ৬০০ ঘণ্টা সময় লেগেছে। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০ মিটার আইভরি সিল্ক ট্যাফেটা। কাঁধজুড়ে থাকা ভলিউমিনাস রাফল বা ঢেউখেলানো ভাঁজ পোশাকটিকে দিয়েছে ফুলের পাপড়ির মতো নান্দনিক আবহ। নিখুঁত কারিগরি ও সূক্ষ্ম নকশার কারণে এটি চলতি বছরের অন্যতম আলোচিত কুতুর সৃষ্টি হিসেবে বিবেচিত হচ্ছে। পোশাকের সৌন্দর্যকে প্রাধান্য দিতে ঐশ্বরিয়া বেছে নিয়েছেন পরিমিত সাজ। ভারী গয়নার পরিবর্তে কানে ছিল হীরার লম্বা দুল এবং হাতে একটি বড় ডায়মন্ড রিং। উজ্জ্বল ত্বক, হালকা শিমারি আইশ্যাডো ও নিউড-গোলাপি লিপস্টিকের সমন্বয়ে তিনি ধরে রেখেছেন নিজের পরিচিত ‘সফট গ্ল্যাম’ লুক। চুলের সাজেও ছিল ধ্রুপদী আভিজাত্যের ছোঁয়া। সাইড-পার্টেড সফট ওয়েভি হেয়ারস্টাইল পুরো লুককে আরও পরিপূর্ণ করে তুলেছে। ফ্যাশন বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের ‘কোয়ায়েট লাক্সারি’ বা পরিমিত বিলাসিতার ধারা এই পোশাকে সফলভাবে ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরেই কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০২৬ সালের আসরেও নীল মারমেইড গাউন ও সাদা টাক্সেডো লুকে প্রশংসা কুড়ানোর পর সাত হাজার মুক্তার এই বিশেষ গাউনটি তার স্টাইল আইকন হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন ফ্যাশনবোদ্ধারা। Post navigation বিশ্বের শীর্ষ ৫০ জনপ্রিয় তারকার তালিকায় একমাত্র ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি, কার অপেক্ষায় দিন গুনছেন প্রভা?