হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জনবান্ধব পুলিশিংয়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং দক্ষ অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা ৫০টি মোবাইল ফোন সোমবার (২৭ জুলাই) তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, এএসআই জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ৫০ জন ভুক্তভোগী। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নকিয়া ১টি। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জনগণের আস্থা অর্জনে এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। তারা রাজশাহী জেলা পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাদের বিশ্বাস। Post navigation ১৪ দিন ধরে পানিশূন্য সাদিপুর: মোটর বিকল, বিকল্প ব্যবস্থাও নেই, চরম দুর্ভোগে শতাধিক পরিবার|| সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তানোরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ