তানোরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাজশাহী জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার (২৬ জুলাই) রাত ১১টা ১০ মিনিটের দিকে তানোর উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশে সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জহুরুল ইসলাম (২৮), মো. কামরুল ইসলাম (২৫) ও মো. মানিক মিয়া (২৮)। জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। মানিক মিয়ার বাড়ি গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তানোরের তালন্দ বাজার ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজ এলাকায় কয়েকজন ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাত ১১টা ১০ মিনিটে তিনজনকে আটক করা হয়। পরে জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পোটলায় সংবাদপত্র ও নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে। Post navigation হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক