রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন,নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চায় দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৩ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশের সুনাম বৃদ্ধি করছেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান ভবিষ্যতেও আরও জোরালো হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও মানবিক সমাজ গঠনে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্য ধারণ করে আগামী দিনেও শিক্ষা ও গবেষণার উৎকর্ষ, মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

Moon.Bddb24.com

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *